নালিতাবাড়ী প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ীতে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পরিচালনা করেছে নালিতাবাড়ী পৌরসভা।শনিবার (১৪ মার্চ) সকালে পৌরসভার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার রাখা এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক রেজওয়ানা আফরিন।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে পৌর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।