Sunday, July 19, 2026
spot_img
Home রাজনীতি শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী রুবেলের নির্বাচনী প্রচারণা জোরদার

শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী রুবেলের নির্বাচনী প্রচারণা জোরদার

41
media image
ছবি

ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুর-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। তিনি বলেছেন, নির্বাচিত হলে সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং অন্যায়কারী যে-ই হোক, দলের ভেতরে কাউকে প্রশ্রয় দেওয়া হবে না।

ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মাহমুদুল হক রুবেল ও তার সহধর্মিণী ফরিদা হক দিপা। সোমবার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রকৌশলী তৌহিদুর রহমানের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার গৌরিপুর ইউনিয়নে মহিলা দলের আহ্বায়ক জেবুন্নেছা কহিনুর ও সদস্য সচিব জেসমিন আক্তারের আয়োজিত জনসভায় বক্তব্য দেন ফরিদা হক দিপা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তারা প্রতিদিন একাধিক সভা-সমাবেশে অংশ নিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।

প্রচার কার্যক্রমের অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীরাও ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে সমর্থন চাইছেন।

মাহমুদুল হক রুবেল বলেন, আগামী ৯ এপ্রিল বিএনপির টিকিটে নির্বাচনে অংশ নিচ্ছি। নির্বাচিত হলে এ আসনে সাংবাদিকসহ সাধারণ মানুষ নিরাপদে থাকবে। অন্যায়কারী যে-ই হোক, তাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডির মাধ্যমে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে যে মিথ্যাচার করা হয়েছে, তা তথ্যপ্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, গত ১৭ বছর নানা প্রতিকূলতায় মানুষের কাছে যেতে পারিনি, বিএনপির কথা বলতে পারিনি। জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে আত্মগোপনে থাকতে হয়েছে। এখন জনগণের কাছে খোলামেলা যেতে পারছি।

তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে উন্নয়নে নজির স্থাপন করবেন। অন্যথায় ভবিষ্যতে জনগণের সামনে মুখ দেখাবেন না বলেও উল্লেখ করেন। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here