Friday, April 10, 2026
spot_img
Home শেরপুর নালিতাবাড়ীতে দৃষ্টি প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার

নালিতাবাড়ীতে দৃষ্টি প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার

3
media image
ছবি

নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক দৃষ্টি প্রতিবন্ধী তরুণী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে চিকিৎসকরা। অভিযুক্ত জীবন মিয়া (১৫) নামের এক কিশোরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। তরুণীর বাবা-মা জীবিকার তাগিদে প্রতিদিন পার্শ্ববর্তী নাকুগাঁও স্থলবন্দরে কাজ করতে যান। ঘটনার দিন তাদের অনুপস্থিতির সুযোগে প্রতিবেশী আব্দুল বারেকের ছেলে জীবন মিয়া ওই তরুণীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে তরুণীর শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের সন্দেহ হয়। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার বিষয়টি জানান। পরে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গত রবিবার (৫ এপ্রিল) নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সেদিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান গণমাধ্যমকে জানান, ভিকটিমের বাবার অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবার এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here