অনলাইন ডেস্ক : ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তঘেঁষা শেরপুরের শ্রীবরদী উপজেলায় মানব পাচারকারী চক্রের মূল হোতা হিসেবে পরিচিত ফারুক (৪০) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৩ মে) সকালে উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা গ্রাম থেকে কর্ণঝোড়া বিওপির বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
আটক ফারুক সিংগাবরুনা ইউনিয়নের বকুলতলা গ্রামের সলি মিয়ার ছেলে। বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান ও নায়েক নাজমুলের নেতৃত্বে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ফারুক সীমান্ত এলাকায় সক্রিয় মানব পাচার চক্রের মূল হোতা হিসেবে কাজ করছিলেন। তার বিরুদ্ধে একাধিক মানব পাচার মামলার এজাহার রয়েছে। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না।
তার আটকের খবরে সীমান্ত এলাকার স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
বিজিবির ৩৯ ব্যাটালিয়নের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার সাইদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ফারুক মানব পাচার চক্রের অন্যতম প্রধান সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল।
শ্রীবরদী থানার সেকেন্ড অফিসার এসআই মোরশেদ আলম জানান, ফারুকের বিরুদ্ধে দুটি মানব পাচার মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।





