নালিতাবাড়ীতে নিখোঁজ ৬ মাদ্রাসা ছাত্রের ৪ জন উদ্ধার

11

নালিতাবাড়ী প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়া ৬ মাদ্রাসা শিক্ষার্থীর মধ্যে ৪ জনকে উদ্ধার করেছে পুলিশ ও স্বজনরা।

সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার বড় মসজিদ এলাকা থেকে তিনজনকে উদ্ধার করা হয়। তারা হলো—পাঁচগাঁও গ্রামের উকিল মিয়ার ছেলে রাব্বানী (১১), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) এবং আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৩)। এর আগে বিকেলে নালিতাবাড়ী আড়াইআনী বাজারের খাদ্যগুদাম এলাকা থেকে ওয়াসিমের ছেলে আব্দুল্লাহ আনসারীকে উদ্ধার করা হয়।

জানা গেছে, গত রোববার দুপুরে পাঁচগাঁও ইক্বরা মডেল হাফেজিয়া মাদ্রাসার তিন শিক্ষার্থী একযোগে নিখোঁজ হয়। এছাড়া সোমবার আড়াইআনী বাজারের জেলখানা মোড় এলাকা থেকে আরও এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ তাদের উদ্ধারে তৎপরতা শুরু করে।

বিকেলে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল উদ্ধার অভিযানে মাঠে নামে। অভিযানের একপর্যায়ে বিকেলে খাদ্যগুদাম এলাকা থেকে একজন এবং সন্ধ্যার পর তিনানী বাজার বড় মসজিদ থেকে আরও তিনজনকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিক্ষার্থীদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here