শেরপুর সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড পেইজে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতি প্রকাশিত হয়। বিবৃতিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার জন্য শফিকুল ইসলাম মাসুদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, শফিকুল ইসলাম মাসুদ জেলা ছাত্রদলের সভাপতি ও জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।
বহিষ্কারের বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক এবিএম মামুনুর রশিদ পলাশ জানান, কেন্দ্রীয় কমিটি দলীয় নীতি অমান্য করে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার জন্য মাসুদকে সকল পদ থেকে বহিষ্কার করেছে। জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম বলেন, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার দায়ে মাসুদকে বহিষ্কার করা হয়েছে।

