
নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে এবি পার্টির মনোনীত আলোচিত প্রার্থী আব্দুল্লাহ বাদশা অবশেষে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
এর আগে গত ২৯ ডিসেম্বর নির্ধারিত সময়সীমার মাত্র পাঁচ মিনিট বিলম্বে উপস্থিত হওয়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি। সময়সীমা অতিক্রমের কারণে মনোনয়ন জমা দিতে না পেরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েই আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন আব্দুল্লাহ বাদশা।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং দ্রুতই ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে এ বিষয়ে তিনি হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
আদালতের নির্দেশনার প্রেক্ষিতে শেষ পর্যন্ত বুধবার বৈধ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে সক্ষম হন আব্দুল্লাহ বাদশা।

