
গোলাম রব্বানী টিটু : শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের মামলায় প্রধান আসামিসহ ৪০ জন বিএনপি নেতাকর্মী হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মামলায় প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ আসামিকে ছয় সপ্তাহের জন্য আগাম জামিন দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন মামলার প্রধান আসামি মাহমুদুল হক রুবেলসহ সংশ্লিষ্ট বিএনপি নেতারা। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী মারজিয়া বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে ২৩১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়।
এ বিষয়ে বিএনপির জেলা সদস্য সচিব লুৎফর রহমান বলেন, নির্বাচনের মাঠ থেকে বিএনপি নেতাকর্মীদের দূরে রাখতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেনামে মামলা করা হয়েছে। তিনি বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও হত্যাকাণ্ডের বিচার আমরাও চাই। মামলায় যাদের নাম রয়েছে তারা কেউই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই এই মামলা দায়ের করা হয়েছে। আজ আমরা ন্যায়বিচার পেয়ে জামিন লাভ করেছি। অন্য আসামিদের জামিনের জন্যও আবেদন করা হয়েছে।
অন্যদিকে, জেলা জামায়াতের নেতৃবৃন্দ সোমবার দুপুরে মামলার বাদীকে সঙ্গে নিয়ে শেরপুরে এক সংবাদ সম্মেলন করে জামিন বাতিলের দাবি জানান।

