
নালিতাবাড়ী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি’র সমর্থনে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় জনসমুদ্রের সৃষ্টি হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন শেরপুর-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডাকসু নির্বাচিত সাবেক জিএস আব্দুল আলিম আরিফ। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আপনাদের সহযোগিতায় আমরা চাঁদামুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই।’
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী অধ্যাপক তুকাত গাজী উসমান। এছাড়া পাশা বিশ্ববিদ্যালয়, তুরস্কের অধ্যাপক ড. হাফিজুর রহমান বলেন, ‘আগামী ১২ তারিখে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।’
বক্তব্যের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে মু. গোলাম কিবরিয়া ভিপি বলেন, ‘এই জনপদকে আর দুর্নীতি ও লুটপাটের হাতে ছেড়ে দেওয়া হবে না। আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে ন্যায়বিচার ও সুশাসনের মাধ্যমে শেরপুর-২ আসনকে উন্নয়নের একটি মডেল হিসেবে গড়ে তুলব।’
জনসভায় নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেনসহ বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। পরে নবযোগদানকারীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

