
শেরপুর সংবাদদাতা : শেরপুর-১ (সদর) আসনে বিএনপির প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও সাংবাদিক গিয়াস উদ্দিন রাসেল মিয়াকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া-বালুরঘাট নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত গিয়াস উদ্দিন রাসেল জানান, মোটরসাইকেলে যাওয়ার সময় তিন ব্যক্তি তার পিছু নেয়। একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এ সময় আগে থেকে ওত পেতে থাকা আরও ৮-৯ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি স্থানীয় একটি দোকানে আশ্রয় নিলেও হামলাকারীরা সেখানে গিয়েও তাকে মারধর করে এবং তার মোটরসাইকেল ভাঙচুর করে।
বর্তমানে তিনি শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথা ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি হেরুয়া বালুরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে যান সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামসহ জেলা বিএনপির নেতারা।
এ বিষয়ে শেরপুর সদর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বিষয়টি পুলিশ অবগত রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

