ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মাহে রমজানের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় বাজারে দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। মঙ্গলবার উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, পেঁয়াজ ৫০, আলু ২০, করলা ৮০, কাচামরিচ ১৬০, শুকনো মরিচ ৩০০, বেগুন ৮০, রুই মাছ ৪০০, বয়লার মুরগি ১৬০, কক ২৮০-৩০০ এবং দেশি মুরগি ৫৫০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রসুন, আদা, তৈল ও মসলার দামও বৃদ্ধি পেয়েছে।
বাজারে গরুর গোশতের দাম স্থিতিশীল থাকলেও খাসির গোশতের দাম বেড়েছে। স্থানীয় কৃষক ও মৎস্যজীবীদের সরবরাহ কম থাকায় সবজি ও পুকুরের মাছের দামও বাড়তে দেখা গেছে। বিশেষ করে খেজুর, আপেল, কমলা, আঙ্গুর, ছোলা, বুট ও খেসারির ডালের মূল্যও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
স্থানীয়রা জানান, রমজানের শুরুতেই এমন মূল্যবৃদ্ধি মধ্যবিত্ত পরিবারের জন্য বাজার করা কঠিন করে তুলেছে। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দামের বৃদ্ধি করছে বলে অভিযোগ করছেন সাধারণ মানুষ। বাজার মনিটরিংয়ের অভাবের কারণে দাম হু-হু করে বাড়ছে, যা সাধারণ মানুষের জন্যে চিন্তার বিষয়।
সচেতন মহল উপজেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, রমজান মাসে বাজার মনিটরিং নিশ্চিত করে সাধারণ মানুষের জন্য ন্যায্য মূল্যের পণ্য সরবরাহের ব্যবস্থা করতে হবে।

