Thursday, March 5, 2026
spot_img
Home শেরপুর চুরির অভিযোগে যুবককে ঝুলিয়ে মারধর

চুরির অভিযোগে যুবককে ঝুলিয়ে মারধর

6
media image
ছবি

শেরপুর সংবাদদাতা : শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চৈতনখিলা পশ্চিমপাড়া সাতঘড়িয়া গ্রামে চোর সন্দেহে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে ঝুলিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গনই মমিনাকান্দা গ্রামের বাসিন্দা কালু মিয়ার ছেলে নিলু মিয়া (২৫)কে চুরির সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করা হয়। পরিবারের দাবি, তাকে রশি দিয়ে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় নিলু মিয়া বর্তমানে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

নিলু মিয়ার মা অভিযোগ করে বলেন, তার নিরপরাধ ছেলেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধরে নিয়ে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। যারা তাকে চোর বানিয়ে ঝুলিয়ে নির্যাতন করেছে, তারা নিজেরাই অসামাজিক কর্মকাণ্ডে জড়িত। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন।

ঘটনার একটি ভিডিও শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে পাকুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. জসিম উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, কোনো তথ্য-প্রমাণ ছাড়া চুরির সন্দেহে কাউকে বাড়ি থেকে ধরে নিয়ে পেটানো গ্রহণযোগ্য নয়।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান। কমেন্টে মো. ফোরকান রাজ লেখেন, অভিযুক্ত ব্যক্তি অপরাধ করে থাকলেও তাকে আইনের আওতায় আনা উচিত ছিল; এভাবে ঝুলিয়ে মারধর করা সমর্থনযোগ্য নয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এলাকাবাসী ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here